অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের দিকে ইঙ্গিত করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। আমি ব্যক্তিগতভাবে জেনেছি, একটি গুপ্ত সংগঠন গত ১৫ বছর ধরে গোপনে রাজনীতি করেছে। তারা নির্বাচনে ভোটকেন্দ্রে ডিজাইনিং করছে— তাদের লোকজনকে ব্যাংক, বীমা, কলেজ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আড়ালে রেখেছে। এখন তারা পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসার হিসেবে তাদের নিয়োগের চেষ্টা করছে। এভাবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা উঠেপড়ে লেগেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বিএনপির গুপ্ত রাজনীতি করার ইতিহাস নেই। যারা গুপ্ত রাজনীতি করেন, তারা সেই বাসনা ত্যাগ করুন। বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করুন, ষড়যন্ত্র ও ঘোলা পানিতে মাছ শিকার বন্ধ করুন।
ব্যারিস্টার অসীম সতর্ক করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন যদি ম্যানিপুলেট করা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু হবে না। তিনি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, নির্বাচনি দায়িত্বে যেন নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয়। পুলিশ, প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের এমন হতে হবে, যাদের দেশের জনগণের প্রতি প্রকৃত কমিটমেন্ট রয়েছে। কোনো কর্মকর্তাকে যেন পক্ষপাতিত্ব করতে না দেওয়া হয়।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেকে ষড়যন্ত্র করছেন। কেউ বলছেন শাপলা না দিলে নির্বাচনে যাব না, কেউ বলছেন পিআর না হলে নির্বাচন হতে দেব না। এটা ফ্যাসিস্ট হাসিনার ভাষা। আপনারা কি ফ্যাসিস্টদের পুনর্বাসনের স্কিম হাতে নিয়েছেন? জনগণ আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগে যেমন ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, এখনো জনমুখী কর্মসূচি নিয়ে রাজপথে থাকুন। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত বিএনপিকে ভ্যানগার্ডের মতো রাজপথে থাকতে হবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
এ সময় মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগানসহ আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তারা প্রশাসন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার জোর দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, কলাবাগান থানা বিএনপির সভাপতি লাকি, নিউমার্কেট থানা বিএনপির সভাপতি মতিউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি ওবায়দুল সৈকত, কলাবাগান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম উল্লাহ চিশতী এবং ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মামুন প্রমুখ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড