খেলাধুলা ডেস্ক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। অপর গোলটি করেন সোহেল রানা। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার দিনটিকে জয় দিয়ে স্বরণীয় করে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেইসাথে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভালো করার রসদ-ও পেলো হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। চার বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে গড়ায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই জয়ে গত সেপ্টেম্বরে সবশেষ ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিলো জামাল-সাদরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটেই উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। জামালের নেয়া কর্নার কিক থেকে বাড়ানো বল লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই গোল পেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর একাদশে তিনটি পরিবর্তন আনেন ক্যাবরেরা। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান বাংলাদেশ কোচ।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।
ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে দলে আরেকটি পরীক্ষণ চালান স্বাগতিক কোচ। ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান তিনি। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা ফুরালো আল আমিনের।
ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল হামজারা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিলেও গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়াতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ডরা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১০ জুন) একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড