বাংলাদেশের ক্রিকেটাররা ১১ তথা ১৩ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিলেন এক সপ্তাহ আগে। প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানো ছিল তাদের অন্যতম দাবি। বিসিবির আশ্বাসে পাঁচ দিন আগে ধর্মঘট প্রত্যাহার করেছেন ক্রিকেটাররা। এরই মধ্যে ক্রিকেটারদের কিছু দাবির বাস্তবায়ন ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাড়িয়ে দেওয়া হয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের আগে ম্যাচ ফি ছিল ৩৫ হাজার টাকা। চার দিনের ম্যাচের জন্য সেটা ৭১ ভাগ বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। ক্রিকেটাররা ম্যাচ ফি এক লাখ টাকার মতো হওয়া উচিত বলে ১১ দফা দাবিতে উল্লেখ করা হয়।
দ্বিতীয় স্তরের ম্যাচ ফি বাড়ানো হয়েছে পঞ্চাশ ভাগ। আগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। এখন সেটা করা হচ্ছে ৫০ হাজার টাকা। যাতায়াত সুবিধাও বাড়িয়ে দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের যেখানে বিমানে যাওয়ার সুযোগ আছে বোর্ড সেখানে আকাশ পথে ক্রিকেটারদের নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। আকাশ পথের সুবিধা না থাকলে ক্রিকেটাররা যাতায়াত বাবদ পাবেন সাড়ে তিন হাজার টাকা। জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে যাতায়াত বাবদ আড়াই হাজার টাকা পেয়েছেন ক্রিকেটাররা। এছাড়া দৈনিক ভাতা বেড়ে হয়েছে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা।
ক্রিকেটারদের বড় অভিযোগ ছিল ঘরোয়া লিগের জন্য তাদের মানসম্মত বাসের ব্যবস্থা করা হয় না। এছাড়া ভালো হোটেলে রাখার ব্যবস্থা ও খাবারের মান বাড়ানোর কথাও বলা হয়। আবাসনের ক্ষেত্রে ৮০ ভাগ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ভেন্যু থেকে হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে নেওয়া হবে ক্রিকেটারদের।
ক্রিকেটাররা প্রথম ১১ দফা দাবির কথা উল্লেখ করেন। ওই দাবির মধ্যে তাৎক্ষনিক ৯টি দাবি মেনে নেওয়ার কথা জানান বিসিবি সভাপতি। এছাড়া অবকাঠামোগত কিছু সুযোগ-সুবিধার দাবি জানান ক্রিকেটাররা। বোর্ডের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সেই সংবাদ সম্মেলনে বলা হয়, সবগুলো বললেই হয়ে যায় না। অবকাঠামোর জন্য সময় দরকার। বিভাগীয় শহরের স্টেডিয়ামে সবগুলো সুবিধা এক সঙ্গে দিয়ে দেওয়া হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড