
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, বাজি ও বিভিন্ন প্রকার ওষুধ। এসব মালামালের মোট আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।
অধিনায়ক লে. কর্নেল বলেন, জব্দকৃত চোরাচালান মালামালসমূহ কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।