1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

চাপে রাখার কৌশল দু’দলের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি একে অপরকে চাপে রাখতে নানা কৌশল নিয়ে এগোচ্ছে। মাঠ দখলে রাখা নিয়ে দু’দলের নেতাদের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে।

বিএনপির অভিযোগ, শাসক দল তাদের চাপে রেখে নির্বাচন করার কৌশল নিয়েছে। মাঠের এ বিরোধী দলও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ অব্যাহত রাখার ছক কষছে।

বিএনপি নেতারা বলছেন, সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নেই। সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি করছে। এসব করে সরকার তাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল আঁটছে। এ অবস্থায় বসে নেই বিএনপিও। ২০ দলের পাশাপাশি নতুন জোট গঠন। সেই জোটের ব্যানারে সভা-সমাবেশ করছে। হুমকি দিচ্ছে আলোচনা ছাড়া তফসিল দিলেই পরদিন থেকে আন্দোলন। আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ ধরে রাখার পরিকল্পনা আঁটছে।

তবে সরকারি দলের নেতারা বলছেন, বিএনপি নির্বাচন বানচাল করার জন্য এসব অভিযোগ করছে। তারা নাশকতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সময় যত ঘনিয়ে আসছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ ক্রমশ বাড়ছে। নির্বাচনসংক্রান্ত নানা ইস্যুতে বিএনপিসহ বিরোধী দলগুলো সংগঠিত হচ্ছে, জোট করছে। নেতারা জাতিসংঘসহ মার্কিন পররাষ্ট্র দফতরের পর ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার পরিকল্পনা করছেন।

এ অবস্থায় গায়েবি মামলা দিয়ে এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের মাধ্যমে বিএনপিকে পাল্টা চাপে ফেলার কৌশল নিয়েছে সরকার। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, বিএনপিকে চাপে ফেলার অংশ হিসেবে দল এবং জোট ভাঙার চেষ্টা চলছে। ইতিমধ্যে জোটের দুই শরিক বেরিয়ে যাওয়ার পেছনে সরকারের ইন্ধন আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছেন নেতারা।

জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, রাজনীতি হল কৌশলের খেলা। নিজেরা জয়ী হতে নানা কৌশলের আশ্রয় নেবে এটাই স্বাভাবিক। কারণ নির্বাচনের অর্থই হল প্রতিযোগিতা। কিন্তু সেটা যাতে কূটকৌশল বা ষড়যন্ত্রমূলক না হয় সেদিকে সবার দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, নেতাকর্মীদের নামে গায়েবি মামলা ও গ্রেফতারের বিষয়টি বিরোধী দলকে চাপে রাখার কৌশল বলেই আপাতত মনে হচ্ছে। আগামী নির্বাচন সামনে রেখে সরকার এ কৌশল নিতে পারে। তবে আমরা আশা করব, গায়েবি মামলা বা গ্রেফতারের বিষয়ে যেন আইনি প্রক্রিয়াগুলো যথাযথভাবে মান্য করা হয়।

ইফতেখারুজ্জামান আরও বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোও সরকারকে চাপে রাখতে নানা কৌশল নিচ্ছে। বিরোধী দলের এজেন্ডা হবে সরকারকে চাপে রাখা- এটাই স্বাভাবিক। সরকারকে চাপে রেখে তারা ক্ষমতায় যেতে চাইবে। তবে অনেক সময় নির্বাচন ইস্যুতে যৌক্তিক ও অযোৗক্তিক কারণে কূটনীতিকদের সম্পৃক্ত করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বর্তমান বাস্তবতায় বিদেশিরা আমাদের দেশের রাজনীতির সমস্যার সমাধান করে দেবে সেই পরিস্থিতি নেই।

বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় এবং বাকি মামলার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগকেও চাপের অংশ বলে মনে করছেন। ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন, সাত দফা অসাংবিধানিক। এ দাবিতে বিএনপি যে কোনো প্রক্রিয়ায় মাঠে নামতে পারলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এ কারণে আন্দোলন বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো প্রচেষ্টা ঠেকাতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে আগামীতে বিএনপির কর্মসূচিগুলো কৌশলে নিয়ন্ত্রণ করা হবে।

সূত্র জানায়, বিএনপির পাশাপাশি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচিগুলোও গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্টরা। কর্মসূচি নিয়ে নতুন এ জোট যাতে মাঠে নামতে না পারে সেজন্য শুরুতেই তাদের নানাভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেফতারের বিষয়টিকে অনেকেই এ কৌশলের অংশ বলে মনে করছেন।

মাহমুদুর রহমান মান্না পুরনো মামলায় জামিনে আছেন। মামলা আছে ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত বিএনপির প্রথম সারির সব নেতার বিরুদ্ধেও। মামলা নেই শুধু জেএসডির আ স ম আবদুর রব এবং গণফোরাম নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধে। অন্যদের মামলার জালে ফেলে সরকার বিরোধী জোটকে মানসিক চাপে রাখতে চায় বলে মনে করছেন অনেকেই।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপি ভিন্ন নামে, ভিন্নভাবে রাজপথ দখল করতেই নিজের সত্তা খানিক ত্যাগ করে এ জোটে পা দিয়েছে। এজন্য শুরু থেকেই জাতীয় ঐক্যফ্রন্টকে চাপে রাখার কৌশল নিয়েছে শাসক দল আওয়ামী লীগ। জাতীয় ঐক্যফ্রন্ট যেন নির্বাচন বানচালের মতো রাজনৈতিক কোনো কর্মসূচি গ্রহণ না করতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখছে সংশ্লিষ্টরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে অবশ্যই তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা যে আদর্শহীন একটি ঐক্য, তা জনগণের সামনে উপস্থাপন করা আমাদের দায়িত্ব।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, আমাদের সামনে নির্বাচন আছে। আমরা বলব, আমাদের কার্যক্রম বিবেচনা করে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে আবার ক্ষমতায় বসাবেন।

তিনি বলেন, নেতৃত্বের কৌশল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন নিজেকে জনকল্যাণে নিবেদিত করা, যেটা করে তিনি বিশ্ব দরবারেও নন্দিত হয়েছেন। আমাদের কৌশল হচ্ছে দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তা দমন করা হবে। মামলা থাকলে গ্রেফতার করা হবে। এটা কাউকে চাপে রাখার কৌশল নয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন- শুধু বিএনপি নয়, পুরো দেশ ও জাতিই এখন গভীর সংকটের মধ্যে রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে আবারও একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য এমন কোনো হীন কাজ নেই যা তারা করছে না। মৃত ব্যক্তিদের নামে মামলা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের চাপে রাখতে আমাদের চেয়ারপারসনকে কারা-অন্তরীণ করে রাখা হয়েছে। তার নামে মিথ্যা মামলাগুলোর বিচারকাজ দ্রুত শেষ করতে যাচ্ছে।

ফখরুল বলেন, সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আজ জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। সরকারবিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টও যাতে জনগণের দাবি আদায়ে সোচ্চার হতে না পারে সেজন্য নানা কৌশল নেয়া হয়েছে। জামিনযোগ্য একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। জাফরুল্লাহর মতো সজ্জন ব্যক্তির বিরুদ্ধে মাছ ও ফল চুরির মামলা দেয়া এ প্রক্রিয়ারই একটি অংশ।

এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, জনগণই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। গণশক্তির কাছে কোনো কিছুই টিকে না। জনগণ মিলে সরকারে বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শক্তি হচ্ছে জনগণ। আর সরকারের শক্তি হচ্ছে প্রশাসন। কিন্তু পেটোয়া বাহিনী দিয়ে বেশিদিন টেকা যায় না। যুগে যুগে জনগণের শক্তির জয় হয়েছে। আশা করি এবারও জনগণেরই বিজয় হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যুগান্তরকে বলেন, সরকার নার্ভাস। তাই আগে থেকে ওপেনসিভ খেলছে। তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের চাপে রাখতে চাইছে। কিন্তু এতে সরকার পার পাবে না।

বিএনপিকে চাপে রাখার জন্য নানা মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে নেতারা অভিযোগ করেন। তারা বলেন, সরকারের ঘনিষ্ঠজনরা কোটি কোটি টাকা দুর্নীতি করলেও সেদিকে কোনো সংস্থা নজর দিচ্ছে না অথচ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাদের সম্পদের খুঁজে নামছে। ইতিমধ্যে সিনিয়র এবং দলের সক্রিয় একাধিক নেতাকে দুদক তলব করেছে। এসবের পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে তারা অভিযোগ করেন।

সূত্র জানায়, সরকারকেও চাপে রাখতে পাল্টা কৌশল নিয়েছে বিএনপি। সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনমত তৈরি করছে দলটি। চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ তৈরিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবেও সরকারকে চাপে রাখার চেষ্টা চলছে। ইতিমধ্যে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিগগিরই যেতে পারেন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফরে। এছাড়া নিয়মিত ঢাকার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন তারা। এসবের মধ্য দিয়ে আন্তর্জাতিভাবে সরকারের ওপর একটা চাপ আসবে বলে মনে করছে বিরোধী শক্তি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews