
জীবন নিউজ, কক্সবাজার: কক্সবাজার শহরের নাজিরারটেকের তিনটি শুটকি মহালে অভিযান চালিয়ে শুটকিতে কীটনাশক মেশানোর সময় ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় বেশকিছু কীটনাশক জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন মহালের মালিক ও তিনজন শ্রমিক রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) একেএম লুৎফুর রহমান এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত এলাকার বিভিন্ন শুটকী মহালে ক্ষতিকর কীটনাশকযুক্ত শুটকি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ রয়েছে। তারই সূত্র ধরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে একটি মহাল থেকে বেশকিছু কীটনাশক জব্দ করা হয়। সেখান থেকে মো. ইদ্রিস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই মহালের মালিক। এর পাশে আব্দুল জব্বারের মালিকাধীন মহাল থেকেও কীটনাশক পাওয়া যায়। সেখানে শুটকিতে কীটনাশক মেশানোর কাজে নিয়োজিত শ্রমিক আবু ছিদ্দিককে (২০) আটক করা হয়। পরে ওই মহালের একটু দূরে অবস্থিত আব্দুল খালেকের মহাল থেকে কীটনাশক মেশানোর সময় শ্রমিক ফয়েজ উদ্দিন (১৯) ও আশরাফ আলীকে (২০) আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) একেএম লুৎফুর রহমান বলেন, কীটনাশকসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মো. ইদ্রিসকে ১ বছর ও তিন শ্রমিক আবু ছিদ্দিক, ফয়েজ উদ্দিন ও আশরাফ আলীকে এক সপ্তাহ করে জেল দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ড. মইন উদ্দিন ও কোস্টট্রাষ্টের বিষমুক্ত শুটকি উৎপাদন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাইদুজ্জামান ইভান।