
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উত্তর সংগ্রহের অপরাধে চারজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
ঢাকাটাইমসকে তিনি বলেন, পরীক্ষা চলাকালে অর্থের বিনিময়ে প্রক্সি দিতে এসে মোবাইল কোর্টে হাতেনাতে ধরা পড়ে সুমাইয়া আক্তার ও কেয়া আক্তার। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে মোবাইল ফোনসহ প্রবেশ করে বাহির থেকে এস এম এস এর মাধ্যমে উত্তর সংগ্রহের সময় ধরা পড়ে বিথি আক্তার ও শারমিন আক্তার নামের দুই পরীক্ষার্থী। পরে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ঢাকা জেলার মোট ১৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ঢাকাসহ সারাদেশে মোট ২০ টি জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।