
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমে উঠেছে শত বছরের পুরনো লক্ষ্মী প্রতিমার হাট। এখান থেকে সনাতন ধর্মাবলম্বীরা বংশ পরম্পরায় লক্ষ্মী প্রতিমা কিনছেন। আগামী রবিবার বিকাল থেকে সোমবার মধ্য রাত পর্যন্ত কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে।
প্রায় শত বছর ধরে বিজয়া দশমীর পর থেকে উপজেলার কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধুরীরহাট, ঘাঘর বাজার, কলাবাড়ি, রামশীল, জহরেরকান্দি, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড় ও হিরণে প্রতিমার হাট বসছে।
উপজেলার পিঞ্জুরী গ্রামের মৃৎ শিল্পী তাপস পাল বলেন, কোটালীপাড়া উপজেলার অন্তত ২০টি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসছে। আমাদের পূর্ব পুরুষেরা এসব হাটে প্রতিমা বিক্রি করেছেন, আমরাও করছি। এ থেকে আমরা ভালো আয় করি। এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এ পূজা অনুষ্ঠিত হয়। এ কারণেই প্রতিটি হাটেই প্রতিমার ব্যাপক চাহিদা রয়েছে।
উপজেলার তারাশী গ্রামের ক্রেতা পিংকু সাহা বলেন, হাটে প্রচুর প্রতিমা বিক্রি হয়। আমরা বংশ পরম্পরায় এসব হাট থেকে প্রতিমা ক্রয় করে আসছি।
জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহবস্থান করছেন। পূজার ৫ দিন আগে থেকে প্রায় ২০টি স্থানে উৎসবমুখর পরিবেশে ক্রেতা-বিক্রেতারা প্রতিমা কেনাকাটা করেন। কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী প্রতিমার হাটগুলো আরও শত বছর টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি।