
গোটা ক্রিকেট বিশ্বের রাজকুমারই বলা যায় তাকে। তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিয়ে দুহাত ভরে একের পর এক সফলতা এনে দিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি সংসার নিয়েও বেশ মনোযোগী এখন এই তারকা।
দীর্ঘ সময় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে প্রেমের পর গত ডিসেম্বরে তাকে বিয়ে করেছেন। বিয়ের পর কোহলিকে নিজেকে প্রকাশ করছেন পুরো অন্য ভাবে। সব সময়ই তার মুখে আনুশকার কথা। স্ত্রীর জন্যই নাকি জীবনটাকেই অন্য ভাবে দেখতে শুরু করেছেন এই তারকা ক্রিকেটার।
এবার স্ত্রীর সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও জানালেন এই তারকা। সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা ভাবেই নিজের সন্তান মানুষ করা আর আনুশকার সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন কোহলি।
সন্তানকে মানুষ করা নিয়ে বিরাট বলেন,‘আমার একটা জীবন আছে। একটা পরিবার রয়েছে। ভবিষ্যতে সন্তানও হবে। আর তাদের সঙ্গেই পুরো সময়টাই কাটাতে চাই। এ নিয়ে আমার খুবই স্পষ্ট ধারণা রয়েছে। এটা একেবারে আমার মনের কথা। তাছাড়া আমার কেরিয়ারের কোনও অংশই যাতে বাড়িতে না দেখা যায়, তা-ও দেখব। সন্তানদের বেড়ে ওঠার সময় বাড়িতে কোনও ট্রফি বা কোনও অ্যাচিভমেন্টের ছাপ থাকুক এটা আমি চাই না!’
সন্তানদের নিয়ে নিজের পরিকল্পনার পাশাপাশি আনুশকার প্রশংসায় কোহলি বলেন,‘গত কয়েক বছরে আমি অনেক কিছুই বুঝতে শিখেছি। যখন থেকে অনুর সঙ্গে আছি তখন থেকেই এটা হচ্ছে। এখন আমার মধ্যে একটা স্থিরতা চলে এসেছে। এটা আসলে বোঝানো যাবে না। তবে তার প্রভাব যে আশীর্বাদ হিসেবে আমার জীবনে ঝরে পড়েছে, তা বলতেই পারি।’