
মো: ফারুকুল ইসলাম:
সোনারগাঁ উপজেলার ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় মিন্টু (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ইভটিজাররা। গত রবিবার সকাল ১০টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে মোতাহার মিয়ার মেয়ে মিতু আক্তার কলেজে যাওয়ার পথে উত্যক্ত করতো পার্শবতি গ্রামের রফিক মিয়ার ছেলে জাকির হোসেন। গত বুধবার সকালে কলেজে যাওয়ার পথে জাকির হোসেন মিতুর পথরোধ করে কুরুচিপূর্ন বলে তাকে উত্যক্ত করে। এ ঘটনা মিতু তার বাবা মোতাহার ও মামাতো ভাই মিন্টু মিয়াকে অবহিত করে। পরে মিন্টু ইভটিজার জাকির হোসেনকে মিতুকে উত্যক্ত না করতে নিষেধ করে।
এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মিন্টু মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎপেতে থাকা জাকির ও হিমেল তার সহযোগীরা তার পথরোধ করে রিক্সা থেকে মিন্টুকে নামিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে দুদিন চিকিৎসার পর রবিবার সকাল ১০টার দিকে সে মারা যায়।
মিন্টুর নিহত হওয়ার খবর পেয়ে তার স্বজনরা উত্তেজিত হয়ে ইভটিজার জাকির ও তার আত্মীয়ের তিনটি ঘর ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রনে আনে। যে কোন অপ্রতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম পিপিএম জানান, মিন্টুর হত্যার ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।