1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক অপতৎপরতা রুখতে জাতিকে নজরুল চর্চার আহ্বান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

বিশ্ব জুড়ে ধর্মীয় উগ্রবাদের বিস্তার, সাম্প্রদায়িক চেতনার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের প্রচার-প্রসার ও নজরুল পাঠ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। নজরুলের আদর্শ অনুসরণের মাধ্যমে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপতৎপরতা রুখতে জাতিকে নজরুল চর্চা ও অধ্যয়নের আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও আলোচনা সভা। বিকালে ছিল বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নজরুলের গান, আলেখ্য অনুষ্ঠান এবং নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে।

কবির সমাধিতে মানুষের ঢল: সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত কবিকে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে ছুটে আসেন তার পরিবারের সদস্য, ভক্ত, অনুরাগী ও রাজনৈতিক নেতাকর্মীরা। পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি কবির আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ করা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃৃতিক সংগঠন। অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল সংগীত শিল্পী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু লেখক পরিষদ, নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী, বাসদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম প্রমুখ। এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানবতাবাদী কবি। আজ শপথ করব, আমরা সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে কবির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব।’ বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন: শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতীয় কবি নজরুল অসাম্প্রদায়িকতা, সাম্য, ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক।’ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে নজরুলকে নিয়ে গবেষণা হচ্ছে। এখন তার সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত করে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। তাতে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও হানাহানি থেকে বিশ্ব মুক্তি পাবে।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এ সময় উপস্থিত ছিলেন।

নজরুল ইনস্টিটিউট: প্রয়াণবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় জাতীয় কবিকে স্মরণ করে নজরুল ইনস্টিটিউট। বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুলকে নিবেদিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ। আলোচনায় অংশ নেন ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করেন কবি নজরুল ইনস্টিটিউটের চেয়ারপারসন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

আলোচনা শেষে সম্মেলক সংগীত নিয়ে মঞ্চে আসে নজরুল ইনস্টিটিউটের উচ্চতর বিভাগের প্রশিক্ষার্থী শিল্পীরা। কণ্ঠের খেলোয় শ্রোতার হূদয় রাঙিয়ে ফেরদৌস আরা গেয়ে শোনান নজরুলের দুটি অপ্রচলিত ধারার গান ‘কেন বাজাও বাঁশি কালো শশী’ ও ‘নাইতে এসে ভাটির স্রোতে কলসী গেল ভেসে’। এছাড়া একক কণ্ঠে গান শোনান ইয়াকুব আলী খান, ছন্দা চক্রবর্তী ও শহীদ কবির পলাশ।

বাংলা একাডেমি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ‘নজরুলের বিদ্রোহ : রাজনীতি, অর্থনীতি ও ধর্মে’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক মোহীত উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির সচিব এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

অধ্যাপক মোহীত উল আলম বলেন, ‘নজরুল গানের মধ্য দিয়ে সমাজ থেকে বৈষম্য দূর করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে রাজনৈতিক রূপ দিলেন। এভাবে আমরা আমাদের জাতির পিতা ও জাতীয় কবিকে মেলাতে পারি।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কাজী নজরুল ইসলাম ইংরেজ শাসনের বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামির বিপক্ষে, সয ধরনের বৈষম্য অত্যাচার অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। নজরুলের বিদ্রোহ ব্যাপক ও তাত্পর্যপূর্ণ। ’

সাংস্কৃতিক পর্বে নজরুলের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আশরাফুল আলম এবং নজরুলগীতি পরিবেশন করেন তানভীর আলম সজীব।

কুমিল্লায় আলোচনা সভা : কুমিল্লা প্রতিনিধি জানান, জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল দুপুরে নগরীর ধর্মসাগরের পাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক প্রমুখ। এর আগে সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ ম্যুরালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে নজরুল ইনস্টিটিউটে আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা: ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভিসি প্রফেসর ড. এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কবির মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কলা অনুষদের ডিন সাহাবউদ্দিন প্রমুখ। পরে ১৩ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ইনস্টিটিউট অব নজরুল স্ট্যাডিজ বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি অধ্যাপক সাব্বির রেজা। আলোচনা শেষে কবির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews