1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

বিশ্ব জুড়ে বিশ্বজয়ের সুবাস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

২০০২ সালের ঘটনা। সেবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল ভারত। আবার এই ২০২০ সালে এসেও টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল ভারত। দুবারই তাদের এই জয়রথ থামিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দুবারের মধ্যে পার্থক্য বিশাল। কারণ এবার এই জয় দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছেন একজন বাংলাদেশি অধিনায়ক।

অনন্য এই অর্জনের পর বাংলাদেশের বন্দনা চলছে বিশ্ব জুড়ে। সেই বন্দনায় শামিল হয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরা। সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ টুইটারে লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই তারা এই ট্রফি জিতেছে। এই তরুণ প্রজন্মকে দেখে আমার অনেক আনন্দ লাগছে। আশা করি, এদের মধ্য থেকেই আগামী দিনে বড়ো কোনো তারকা বের হয়ে আসবে।’

বিশ্ব জুড়ে এই প্রশংসার মধ্যে দেশেও চলছে এই যুব দলের প্রশংসা। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এটা ক্রীড়াঙ্গনের সেরা অর্জন। আর এই অর্জনের জন্য শুক্রবার দেশে ফিরলে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরে এই দলকে সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হবে। টুইটারে বাংলাদেশের প্রশংসা করাদের মধ্যে একটা বড়ো অংশই ছিল ভারতীয়। এদের মধ্যে সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ দলকে। অবশ্যই এই শিরোপা তাদের ক্রিকেটের জন্য কল্যাণকর কিছুই বয়ে নিয়ে আসবে। ভারত যথেষ্ট চেষ্টা করার পরই হারতে বাধ্য হয়েছে।’

ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের মতে, এই দিনটির কথা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এক টুইটে তিনি লিখেছেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল একটা মুহূর্ত। আর আজকের ম্যাচই প্রমাণ করে যে যোগ্য দল হিসেবেই শিরোপা হয়েছে বাংলাদেশের।’

সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স আগেই বলে রেখেছিলেন আকবর আলীর দলের সম্ভাবনার কথা। ফাইনাল জয়ের পর তিনি টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশ দলকে অসংখ্য অভিনন্দন। ফাইনালে এত হাড্ডাহাড্ডি, এত রুদ্ধশ্বাস লড়াই হবে, সেটা কে ভেবেছিল? আমি মনে করি, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।’

পাকিস্তানি নারী ক্রিকেটার সানা মীর বলেন, ‘বিশ্বকে শক্তিশালী এক বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ এখন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।’

বাংলাদেশের জন্য দিনটা যেমন ছিল বিশাল আনন্দের, ভারতের জন্য ছিল ঠিক উলটো চিত্র। দলটি চার বার যুব বিশ্বকাপ জিতেছে; এবারও পুরোটা সময় খেলেছে শিরোপার যোগ্য দাবিদার হিসেবেই। কিন্তু ফাইনালে গিয়ে বাংলাদেশের কৌশলের সামনে পেরে ওঠেনি প্রিয়াম গার্গের দল।

তাদের পাশে আছেন সাবেক ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। তিনি বাংলাদেশকে অভিনন্দন ও ভারতের প্রতি সহমর্মীতা প্রকাশ করে এক টুইটে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ একটা ফাইনাল দেখলাম আমরা। বাংলাদেশের বাঘেদের অভিনন্দন বিশ্বকাপ জয়ের জন্য। আর ভারতের ছেলেদের উদ্দেশে বলব, মাথা নিচু করার কিছু হয়নি, তোমরা চ্যাম্পিয়নদের মতোই খেলেছ।’

ভারতীয় পেসার জয়দেব উনাদকাতের কণ্ঠেও ছিল বাংলাদেশ দলের জন্য প্রশংসা। তবে অবশ্য তিনি সেটা করতে গিয়ে একটু খোঁচা দিলেন মুশফিকুর রহিমকে। বেঙ্গালুরুতে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারতের বিপক্ষে জয়ের আগেই উদ্যাপন করে সমালোচনার মুখে পড়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

উনাদকাত লিখেছেন, ‘দারুণ খেলেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে বিশ্বকাপ। গত দুই বছর ধরে দলটা তৈরি করতে তারা কীভাবে কাজ করেছে, সে সম্পর্কে জানলাম। এটা তাদের ভবিষ্যতের জন্য, সর্বোপরি ক্রিকেটের জন্য ভালো। একটা ব্যাপার ভালো লেগেছে যে তাদের অধিনায়ক ম্যাচ পুরোপুরি না জেতার আগে উদ্যাপন করেনি। অবশ্যই বিষয়টা তারা বড়োদের কাছ থেকেই শিখেছে।’

বিসিবি সভাপতি বলেছেন, এই অনেক কষ্ট করে শিরোপা জেতা দলকে বিমানবন্দরেই তারা ছোটো আকারের হলেও সংবর্ধনা দেবেন, ‘১২ তারিখ ওরা আসবে। এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই কিন্তু বিরাট ত্যাগ স্বীকার করেছে। যেটা আমরা সচরাচর দেখি না, প্রচুর কষ্ট করেছে ওরা। আমি যতটুকু বুঝতে পেরেছি, অনেকে দেশে ফিরেই বাড়ি যেতে চাইছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে চায়। তারা ১২ তারিখ আসবে, আমরা বিমানবন্দরে যাব তাদের অভ্যর্থনা জানাতে। আমরা বিশাল একটা কিছু করতে পারি সেখানে। কিন্তু ঐ জায়গাটায় এমনিতেই ট্রাফিক অবস্থা খুব খারাপ। ওখানে যাত্রী আসা-যাওয়া করে, যদি বিশাল কিছু করতে চাই, ঐ জায়গায়টা জ্যাম হবে। ফলে যতটুকু মিনিমাম করা যায়, তাই করব। ওদের আমরা বিমানবন্দর থেকে নিয়ে আসব বিসিবিতে। একাডেমিতে উঠবে ওরা, ফ্রেশ হবে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews