শাটডাউনের খবরে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার হিড়িক

জীবন নিউজ ডেস্ক :শাটডাউনের ঘোষণা আসতে পারে- এমন খবরে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। ছুটির দিনের সকালে রাজধানীর প্রবেশমুখে মানুষের ঢল নামে। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। কিন্তু ঠেকানো যাচ্ছে না পায়েহাঁটা মানুষের ঢল।
ঢাকা : শুক্রবার সকালে ঢাকায় ঢোকা ও বের হওয়ার অন্যতম প্রবেশমুখ গাবতলী এলাকা। লকডাউন উপেক্ষা করেই ছুটছেন হাজার হাজার নারী-পুরুষ। মাস্কও নেই অনেকের মুখে। জিজ্ঞেস করলেই অজুহাতের নানা ফিরিস্তি। শাটডাউনের কথা শুনে আগেভাগেই রাজধানী ছাড়ছেন তারা। কয়েকজন জানান, শার্টডাউন আসতেছে। এজন্য বাড়ি চলে যাচ্ছি। এখানে থেকে কী করব? তাই চলে যাচ্ছি।
যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিকল্প বাহনে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
মুন্সীগঞ্জ : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ জেলার মানুষের রাজধানীতে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও জরুরি ফেরি সার্ভিসে পার হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিনের তুলনায় এখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।






















