1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জ ডিএসই ভবনে কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সেমিনারের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বাংলাদেশে বড় বড় প্রজেক্টে অর্থায়নের ক্ষেত্রে আয়কর ও ব‍্যাংক খাতের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব  ক্ষেত্রে পুঁজিবাজারে যেতে হবে। এখান থেকে বন্ড ইস‍্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট করা সম্ভব। আগামীতে বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

বড় প্রজেক্টে অর্থায়নে জন্য পুঁজিবাজারের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারের ছোট বিনিয়োগকারীরা মনে করেন বিনিয়োগ করলেই মুনাফা নিশ্চিত, এই বাজারে যে ঝুঁকি আছে, বিনিয়োগকারীরা তা মানতে চান না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট এখনও উন্নত হয়নি। সরকারি বন্ড সেগমেন্ট থাকলেও সেখানে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম, আর শেয়ারবাজার প্রায় নগণ্য। ফলে অর্থায়নের ক্ষেত্রে বড় প্রকল্পগুলো ঝুঁকি ভাগাভাগি না করে কেবল ব্যাংকের ওপর নির্ভরশীল হচ্ছে। এতে ঋণখেলাপি ও তহবিল অপব্যবহারের ঘটনা ঘটছে, যা দেশের জন্য বড় ট্র্যাজেডি। অথচ প্রকৃতপক্ষে ঝুঁকি ভাগাভাগি করতে হলে মানুষকে বন্ড, ডিবেঞ্চার ও শেয়ারে বিনিয়োগ করতে হবে। ব্যাংক থেকে শুধু ঋণ নেওয়া এবং পরে তা ভুল খাতে ব্যবহার করা কোনো সমাধান নয়। তাই ক্যাপিটাল মার্কেটে বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগকারীদেরও বুঝতে হবে যে এখানে ঝুঁকি যেমন আছে, তেমনি লভ্যাংশ বা মুনাফার সম্ভাবনাও আছে।

তিনি আরও বলেন, সুকুক বাজারে প্রায় ২৪ হাজার কোটি টাকার বন্ড রয়েছে, তবে সেগুলো শিক্ষা ও স্যানিটেশন খাতে ব্যবহৃত হওয়ায় আয়ের হার কম। এসব বন্ড বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রকল্পে বিনিয়োগ করা হলে লাভবান হওয়া যেত এবং ব্যাংকের ওপর চাপও কমত। সুকুক অবশ্যই প্রকৃত সম্পদভিত্তিক হতে হবে, যাতে বিনিয়োগকারীর আস্থা তৈরি হয়।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখনো সিকিউরিটাইজেশন কার্যকর হয়নি। অথচ মেট্রোরেলসহ বড় প্রকল্পগুলোতে এ প্রক্রিয়া ব্যবহার করলে বিশ্বব্যাংকের ঋণ নির্ভরতা কমানো যেত। এছাড়া পেনশন ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারে সতর্ক হতে হবে, কারণ এগুলো সরকারি দায়বদ্ধতা।

তিনি বলেন, শুধু মূলধন ও সুকুক বাজার নয়, বীমা বাজারের উন্নয়নেও নজর দেওয়া জরুরি। একই সঙ্গে কর কাঠামো ও প্রণোদনা সংস্কার করে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রমুখ।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews