সর্বশেষ সংবাদ:
অভিষেকে ভারতের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান পৃথ্বী

অভিষেক টেস্টেই শতরান করে ফেললেন পৃথ্বী শ। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৯ বলে শত রান পূর্ণ করেন এই ওপেনার। সেই সুবাদে ৪৪ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ২১২। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পৃথ্বীই কনিষ্ঠতম খেলোয়াড়, যিনি এই রেকর্ড গড়লেন। এখন তার বয়স ১৮ বছর ৩২৯ দিন।
শুধু তাই-ই নয়, রঞ্জি, দলীপ ট্রফি ও টেস্ট ক্রিকেট— সব ক’টি অভিষেক ম্যাচেই সেঞ্চুরির নজির গড়েন মুম্বাইয়ের এই দুরন্ত প্রতিভা। জাতীয় দলেও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি।
দলীয় ৩ রানেই লুকেশ রাউলকে হারায় ভারত। এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে গড়েন ২০৬ রানের জুটি। পূজারা ৮৬ রানে ফিরে গেলেও সেঞ্চুরি করে সামনে এগিয়ে চলছেন পৃথ্বী।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে পৃথ্বীর জায়গা পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিলই। তবে বুধবার সকালে ১২ জনের দল ঘোষণার পরেই মুম্বইয়ের ছেলে পৃথ্বীর জাতীয় দলে জায়গা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে পৃথ্বির হাতে ২৯৩ নম্বর টেস্ট ক্যাপ তুলে দেন অধিনায়ক বিরাট কোহালি।
পৃথ্বীকে নিয়ে বরাবরই আশাবাদী ছিলেন শচিন তেন্ডুলকরের মতো বিরাট ক্রিকেট-প্রতিভাও। আন্তঃবিদ্যালয় পর্যায়ে পৃথ্বীর খেলা দেখে তার প্র্যাকটিসের সুযোগ-সুবিধার দিকে নানা রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন লিটল মাস্টার। টিপসও দিতেন প্রায়ই।
Tag :
























