চরম ক্ষতির মুখে সিআর সেভেনের ব্র্যান্ডভ্যালু : নিঃস্ব হয়ে যাবেন রোনালদো!

ধর্ষণের অভিযোগে বিব্রত ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্র্যান্ডভ্যালু ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে ক্রীড়া বাণিজ্য মহল। গুরুতর এই অভিযোগ থেকে সিআর সেভেন নিজেকে মুক্ত করতে পারবেন কিনা, তা সময় বলবে। তবে তার আগেই তাকে গুণতে হতে পারে কয়েক বিলিয়ন ডলার লোকসান। মিডিয়া রিপোর্ট বলছে, ধর্ষণের অভিযোগ ওঠার পর রোনালদোর সঙ্গে আজীবনের চুক্তি বাতিল করার কথা ভাবছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থা নাইকি।
জুভেন্তাসের পর্তুগিজ সুপারস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন আমেরিকার প্রাক্তন মডেল ক্যাথরিন মায়োরগা। ঘটনাটা অবশ্য বহুদিনের পুরানো। ক্যাথরিন মায়োরগার দাবি, ২০০৯ সালে লাস ভেলাসের এক হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করেছিলেন। তারপর মোটা অঙ্কের আর্থিক মুচলেকার মাধ্যমে তার মুখ বন্ধ করে ছিয়েছিলেন সিআর সেভেন। কিন্তু ওই মহিলা সম্প্রতি সেই চুক্তি ভেঙে গোপন ঘটনাটি ফাঁস করে দেন।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে লাস ভেগাসের পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। ৩৩ বছর বয়সী রোনালদো অবশ্য দৃঢ় কণ্ঠে অভিযোগটি অস্বীকার করেছেন। এই অন্যায় অভিযোগ থেকে মুক্তি পেতে প্রখ্যাত আইনজীবী ডেভিড চেশনভকে নিযুক্ত করেছেন তিনি। চেশনভের আইনি যুক্তি-তর্কে মুক্তি পাওয়া তারকাদের তালিকাটা রীতিমতো চমকপ্রদ। কিংবদন্তি বক্সার মাইক টাইসন, টেনিস তারকা আন্দ্রে আগাসি, বাস্কেটবল তারকা শাকিল ও’নিল, বিশ্বখ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেমি ফক্স, প্যারিস হিলটন, সংগীত শিল্পী ব্রুনো মার্সকে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ থেকে নির্দোষ সাব্যস্ত করেছেন তিনি। সেলিব্রিটি এই আইনজীবীর সহায়াতায় এবার ধর্ষণের গুরুতর অভিযোগ থেকে নিস্কৃতি পাওয়ার আশায় রয়েছেন রোনালদো।
তবে তার আগেই রোনালদো ক্ষতি হয়ে যেতে পারে কয়েক বিলিয়ন ডলার। নাইকি ইতিমধ্যে সেই আভাস দিয়ে ফেলেছে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একজনের সঙ্গে চুক্তি বজায় রেখে তারা তাদের বাজার হারাতে রাজি নয়। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে নাইকির চুক্তির অঙ্কটা এক বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ৮৭০ মিলিয়ন ইউরো। রোনালদোর বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগকে ‘গভীর উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে নাইকি। শুধু নাইকি নয়, ট্যাগ হুয়ের, হারবাল লাইফ, আমেরিকান ট্যুরিস্টার, ইএ স্পোর্টসসহ আরো অসংখ্য বণিজ্যিক প্রতিষ্ঠানও রোনালদো সঙ্গে তাদের বিজ্ঞাপনী চুক্তি নিয়ে আশঙ্কার বার্তা শুনিয়েছে। ইএ স্পোর্টস তো আবার তাদের ভিডিও গেমস ‘ফিফা’র কভার থেকে রোনালদোর ছবি সরিয়ে ফেলেছে। এ ব্যাপারে তাদের বিবৃতি, ‘আমরা আশা করব, আমাদের কভার অ্যাথলিট ও দূতদের আচরণ ইএ-র মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’
এদিকে, রোনালদোর অতীতের ঘটনার জেরে খেসারত গুণতে হচ্ছে তার নতুন ক্লাব জুভেন্তাসকেও। পর্তুগিজ তারকাটির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের জেরে শেয়ার বাজারে দাম পড়েছে ইতালিয়ান ক্লাবটির। গত এক সপ্তাহে জুভেন্তাসের শেয়ারের দাম কমেছে ১৮.৪ শতাংশ। যার মধ্যে শুধুমাত্র মিলান স্টক এক্সচেঞ্জেই ৫.৩৮ শতাংশ দর পড়েছে তাদের। রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাবটিতে রোনালদো দলে যোগ দেয়ার পর তাদের শেয়ারের দাম বেড়েছিল হু-হু করে। কিন্তু রাতারাতি বদলে গিয়েছে ছবিটা।
জার্মান সংবাদপত্র ‘ডার স্পেইগেল’ জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার আগের দিনও (২৮ সেপ্টেম্বর) জুভেন্তাসের শেয়ার প্রতি দাম ছিল ১.৫২ ইউরো। কিন্তু তারপর থেকে জুভেন্তাসের শেয়ারের দাম কমতে কমতে ১.২৪ ইউরোয় এসে ঠেকেছে।
























