
গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন শনিবার রাতে উপজেলার রামদিয়া বাজারের সিকদার এন্টারপ্রাইজ-এ অভিযান চালিয়ে সরকারি চাল মনে করে এসব চাল জব্দ করেন। জব্দ ৬৬৬ বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে চাল রয়েছে।
চালের মালিক রামদিয়া বাজারের নুরুল ইসলাম সিকদার। তিনি প্রশাসনের কাছে বলেন, এসব চাল টুঙ্গিপাড়া থেকে কিনে এনেছেন। কিন্তু তাৎক্ষণিক তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি।
যে কারণ ইউএনও ওই গুদাম ঘরে তালা লাগিয়ে সিলগালা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেন।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের অভিযোগে আমরা ওই ঘরে অভিযান চালাই। বস্তায় সরকারি খাদ্য সহায়তা লেখা ৩০ কেজির বস্তায় ৬৬৬ বস্তা চাল পাওয়া যায়। এই কারণে চালগুলো জব্দ করা হয়েছে। ব্যবসায়ীর কাছে কাগজপত্র চেয়েছিলাম। তিনি আমাদের কোন কাগজপত্র দাখিল করতে পারেনি। সোমবার তার কাগজ দেখানোর কথা। কাগজ দাখিলের পর বোঝা যাবে- জব্দ চাল বৈধ, না অবৈধ।