অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার জানায়। জানাজায় সংসদ সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার পর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে।
ন্যাপ সূত্রে জানা যায়, রাতে মরদেহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে মোজাফফর আহমদের গ্রামের বাড়িতে নেওয়া হবে। রবিবার সকাল ১০টায় সেখানে সমাহিত হবেন তিনি। অধ্যাপক মোজাফফর আহমদ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত শুক্রবার রাত ৮টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।






















