আ’লীগ নেতার বিরুদ্ধে হাতকড়াসহ জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জে পুলিশের হাতে গ্রেফতারের পর হাতকড়াসহ এক জামায়াত নেতাকে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে আলাউদ্দিন আল আজাদ নামে ওই জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়া হয়।
আজাদ উল্লাপাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওসিক আহম্মেদ এসব তথ্য জানান।
ওসি আরও বলেন, জামায়াত নেতা আজাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ২০টি মামলা রয়েছে। পুলিশ তাকে উপজেলার কয়রা চরপাড়া থেকে গ্রেফতার করে। এ সময় কয়রা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা বাধা দেন। তারা আজাদকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান।
ওসি জানান, এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আজাদসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, চরপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা খোকার বাবার জিয়ারত অনুষ্ঠানে দাওয়াত খেতে এসেছিলেন ওই জামায়াত নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সাইফুল ইসলাম খোকা বলেন, পাঁচ হাজার লোককে দাওয়াত দিয়েছিলাম। আপ্যায়ন নিয়ে ব্যস্ত ছিলাম। ফলে কোথায় কী ঘটেছে তাতে নজর দেওয়ার সময় ছিল না।















