
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাস্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে প্যারিসে ম্যানচেস্টার ইউনাইটেডের রূপকথার জয়ে। ইউরোপের মঞ্চ থেকে ছিটকে পরার পর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পুরো মনোযোগ এখন ঘরোয়া ফুটবল ফ্রেঞ্চ লিগ ওয়ানে। ইউরোপের মঞ্চে যেমন তেমন এখানে ঠিকই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে পিএসজি।

রোববার টমাস টুখেলের দল তুলে নিয়েছে আরো একটি দারুণ জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের জয়টি এসেছে লা ক্ল্যাসিকোকে থেকে; অলিম্পিক মার্শেইর বিরুদ্ধে। ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে নেইমারবিহীন পিএসজি জিতেছে ৩-১ গোলে। দাপুটে এই জয়ের পর শিরোপা ধরে রাখার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেল পিএসজি।
আর মাত্র সাত পয়েন্ট পেলেই লিগ ওয়ানের এই মৌসুমেও চ্যাম্পিয়ন হয়ে যাবে পিএসজি। ম্যাচের হিসেবে তিন ম্যাচ। কারণ দুইয়ে থাকা অলিম্পিক লিলেঁর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখনই দাঁড়িয়েছে ২০! ভক্ত-সমর্থকদের জন্য আশার খবর হচ্ছে- পিএসজি এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৭৭। অন্যদের ম্যাচ সংখ্যা সমান ২৯টি।
নেইমার মাঠে নেই। ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতির পর থেকে প্রায় একাই দলের ঘানি টানছেন কিলিয়ান এমবাপ্পে। মাঝে মধ্যে তিনি পাশে পান অ্যাঙ্গেল ডি মারিয়াকে। কাল যেমন এক ম্যাচে জ্বলে উঠলেন দুজনই। তবে ফরাসি সেনসেশনকে ছাড়িয়ে ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। এদিন ক্ল্যাসিকোর মঞ্চে ক্ল্যাসিক পারফর্ম করলেন ডি মারিয়া।
প্যারিসে প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজিকে লিড এনে দিয়েছিলেন এমবাপ্পে। বিরতি থেকে ফিরেই স্বাগতিকদের গোলটার শোধ দেন ভেলারে জার্মেইন (১-১)। কিন্তু একটু পরই মার্শেইর প্রত্যাবর্তন মাটি করে দেন ডি মারিয়া। ৫৫ মিনিটে করলেন নিজের প্রথম গোল; দ্বিতীয়বার লিড নেয় পিএসজি। ১১ মিনিট পর দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। হেরে যাওয়া ম্যাচটা আবার অতিথিরা শেষ করেছে দশ জনের দল নিয়ে!