ঝালকাঠিতে ১১টি বসতঘর পুড়ে ছাই

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠিঃ ঝালকাঠি শহরের কাঠপট্টির কলাবাগান এলাকায় ১১টি বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, মিল্টন হোসেন নামের এক ব্যক্তির একটি ভাড়াটিয়া ঘর থেকে বিদ্যুতের শর্ট শার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১১টি আবাসিক ঘর ও মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে ঘর মালিক ও তার ১০ শ্রমজীবি ভাড়াটিয়া পরিবার সর্বস্ব হারায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসক হামিদুর হক ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ তিনহাজার টাকা ও শুকনা খাবার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার আলী মিয়া,মহিলা কাউন্সিলর নাসিমা কামাল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
























