
নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান,এনডিসি, নাইজেরিয়ার উপ-রাষ্ট্রপতি ইয়েমি ওছিনবাজোর সাথে শুক্রবার তার অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে হাইকমিশনার আহসান নাইজেরিয়ার উপ-রাষ্ট্রপতিকে তার দ্বিতীয় মেয়াদে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার উপর বাংলাদেশের হাইকমিশনার নাইজেরিয় উপ-রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উপ-রাষ্ট্রপতি তা ধৈর্য্য সহকারে শুনেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠকে দুপক্ষ দুদেশের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর ও বিস্তৃত করার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে এবং দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপরে উভয়ে বিশেষ জোর দেন। মিয়ানমার হতে জোরপূর্বক বিতাড়িত দশ লক্ষাধিক রোহিঙ্গা উদ্বাস্তুদের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার ব্যাপারেও তিনি তাকে অবহিত করেন। ঢাকাতে নাইজেরিয়ার মিশন খোলার বিষয়টির ব্যাপারে হাইকমিশনার তাগিদ দেন।
বৈঠক শেষে হাইকমিশনার নাইজেরিয়ার উপ-রাষ্ট্রপতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘দ্য আনফিনিশড মেমোরিস’ এর একটি কপি উপহার দেন।
বৈঠকে নাইজেরিয়ার পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোস্তাফা লাউয়াল সুলেইমান এবং বাংলাদেশ হাইকমিশনের হেড অব চ্যান্সেরি মোহাম্মদ শাহ ইকরামুল হক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি