মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহানুর রহমানের
নিজস্ব প্রতিনিধি: বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. সোহানুর রহমান (সোহান হাওলাদার)। তিনি মুলাদী পৌরসভাকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মো. সোহানুর রহমান মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার জন্ম ১৯৮৭ সালের ১ জুলাই। তিনি মুলাদী মাহমুদজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, মুলাদী সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন সোহানুর রহমান। তিনি মুলাদী পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, পৌরসভা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুলাদী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া মুলাদী গফুর গফুর মল্লিক পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কমিটির সদস্য, মুলাদী উপজেলা দুঃস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, মুলাদী উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, মুলাদীতে জেলা চাই বাস্তবায়ন কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এবং হাওলাদার বাড়ী বাইতুল মামুর জামে মসজিদ কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সোহানুর রহমান বলেন, মুলাদী পৌরসভা একটি গুরুত্বপূর্ণ পৌরসভা। পৌরবাসীর দোরগোড়ায় শিক্ষা ও প্রকৃত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, এমন একটি পৌরসভা গড়ে তুলতে চান, যেখানে নারীরা দিন-রাত নিরাপদে চলাচল করতে পারবেন এবং পৌরবাসী শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবেন। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সামাজিক অনাচার প্রতিরোধ, খেলাধুলা ও বিনোদনের সুযোগ বৃদ্ধি, মসজিদ-মন্দিরের উন্নয়ন এবং অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোহানুর রহমান আরও বলেন, মুলাদী পৌর শহরের পানি নিষ্কাশনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কগুলোতে পর্যাপ্ত লাইটিং, বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার মাধ্যমে মুলাদীকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি শাসক নয়, সেবক হয়ে মুলাদী পৌরবাসীর পাশে থাকতে চাই।’ এ লক্ষ্যে তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।




















