সাত কোটি মিটার কারেন্ট জাল জব্দ

অবৈধ জালের ব্যবহার বন্ধে ১৫ দিনের অভিযানে ৬১জনকে বিভিন্ন মেয়াদে জেল, ৭ কোটি মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জাল নির্মূলে পরিচালিত সম্মিলিত বিশেষ অভিযানে এই কারেন্ট জাল জব্দ, জরিমানা ও জেল দেয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ দিনে ২ হাজার ২৬৭টি বেহুন্দি জাল, সাত কোটি ১৬ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য ২ হাজার ৬৭টি অবৈধ জাল এবং ৯ হাজার ৫০২টি মাছ ধরার নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি আটক করা হয়েছে।এছাড়াও এই অভিযানে ১৭ হাজার কেজি (১৭ মেট্রিক টন) জাটকা এবং ২ হাজার ৩০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম ধাপে ৭ হতে ১৩ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহ এবং দ্বিতীয় ধাপে ২১ হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিনসহ মোট ১৫দিন উপকূলীয় ১৩টি জেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলাগুলো হচ্ছে- ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুর। এসব জলায় ৩৮৭টি মোবাইল কোর্টেও মাধ্যমে ১ হাজার ৫৫৪টি বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিশেষ অভিযানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। অভিযানসমূহে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।






















