আন্তর্জাতিক ডেস্ক
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
রোববার বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, শাহরাম সাদেগি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়। তাঁর বিরুদ্ধে ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কর্মকাণ্ড পরিচালনা’র অভিযোগ আনা হয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিচার বিভাগের দাবি, গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিক্ষোভের সময় সাদেগি গাড়ি চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা দেন। এতে সাতজন পুলিশ সদস্য আহত হয়।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে।
ইরানি কর্তৃপক্ষ জানায়, ওই বিক্ষোভ ও সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সরকার এসব ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিকল্পিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে দাবি করেছে। তবে বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আরও বেড়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। সাম্প্রতিক সময়ে কার্যকর করা মৃত্যুদণ্ডের বড় একটি অংশের সঙ্গে ওই বিক্ষোভের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এবং প্যারিসভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)-এর তথ্য অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮৯ সালের পর এটিই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে বিশ্বে চীনের পরই ইরানের অবস্থান।




















