দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাট (গোলারঘাট এলাকা) থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার হোসেন শেখের ছেলে মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার ছেলে সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে তারা মাদক নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিল বলে ধারণা করা হচ্ছে। আটকের সময় তারা একটি মোবাইল ফোন পানিতে ফেলে দেয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, সেনহাটি পুলিশ ফাঁড়ির চৌকস টিম ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার করা গাঁজার উৎস এবং যাদের কাছে সরবরাহের জন্য তারা সেনহাটি এলাকায় অবস্থান করছিল, তাদের সম্পর্কে তথ্য উদঘাটনে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।




















