ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ
করোনা মহামারির সময় মাস্ক না পরার অভিযোগে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক মিশেল জেকলারকে মারধরের ঘটনায় ফ্রান্সের তিন পুলিশ সদস্যের বিচার শুরু হচ্ছে। প্রায় ছয় বছর পর সোমবার মামলাটি আদালতে উঠছে। দেশটিতে পুলিশি নির্যাতনের অভিযোগে আদালতে বিচার হওয়া বিরল ঘটনাগুলোর একটি এটি।
২০২০ সালের ওই ঘটনায় ৪৭ বছর বয়সী জেকলারকে মারধরের ভিডিও প্রকাশের পর ফ্রান্সে পুলিশি সহিংসতা নিয়ে নতুন করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী ও গবেষকদের দাবি, দেশটিতে পুলিশি সহিংসতা একটি কাঠামোগত সমস্যা। তবে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংগঠনগুলোর দাবি, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন।
সম্প্রতি এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জেকলার বলেন, ‘আমি আশা করি, এই বিচারের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের তাঁদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হবে।’
মানবাধিকারকর্মী ও অধিকারকর্মীরা এ ঘটনাকে ফরাসি পুলিশের মধ্যে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের আরেকটি প্রমাণ হিসেবে দেখছেন। তাঁদের অভিযোগ, শ্বেতাঙ্গদের তুলনায় জাতিগত সংখ্যালঘুরা দেশটিতে পুলিশের কঠোর আচরণের বেশি শিকার হন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যেও পুলিশি সহিংসতার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে, পুলিশের এক সদস্য খুব কাছ থেকে এক কিশোরের দিকে গ্রেনেড ছুড়েছেন বলে অভিযোগ ওঠার পর ১৪ বছর বয়সী ওই কিশোরের অধিকাংশ দাঁত নষ্ট হয়ে যাওয়ার ঘটনা।
২০২০ সালের ২১ নভেম্বর প্যারিসে নিজের স্টুডিওর বাইরে পুলিশ জেকলারকে থামায়। তার বিরুদ্ধে বাধ্যতামূলক মাস্ক না পরার অভিযোগ আনা হয়। পাশাপাশি গাঁজা সেবনের সন্দেহও প্রকাশ করে পুলিশ।
পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে অফিসের প্রবেশপথে নিয়ে গিয়ে মারধর করেন। স্টুডিওর নিরাপত্তা ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্য ধারণ করা হয়।
এ ঘটনায় অরেলিয়েন, পিয়েরে ও ফিলিপ নামে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে দলবদ্ধভাবে ইচ্ছাকৃত শারীরিক নির্যাতন এবং নিজেদের কর্মকাণ্ড আড়াল করতে সরকারি প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিচারের আগে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশ সদস্যদের আইনজীবীরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বর্ণবাদী অপমানের অভিযোগ
তদন্ত অনুযায়ী, প্রায় পাঁচ মিনিট ধরে জেকলারের মুখ ও শরীরে ঘুষি এবং লাঠি দিয়ে প্রায় ৩০ বার আঘাত করা হয়। চিকিৎসা প্রতিবেদনে তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত, ঠোঁট ও মাথার ত্বকে ক্ষত এবং বাহুর বাইসেপস পেশির টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে তিনি ৪৫ দিন কাজ করতে পারেননি।
ফ্রান্সের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল জানিয়েছেন, চারজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, মারধরের সময় পুলিশ সদস্যরা জেকলারকে ‘বর্ণবাদী গালিগালাজ’ করেছিলেন। তবে অভিযুক্ত পুলিশ সদস্যরা এ অভিযোগ অস্বীকার করেছেন। মামলার অভিযোগপত্রেও বর্ণবাদের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।
জেকলার এএফপিকে বলেন, পুলিশ সদস্যরা তাকে বর্ণবিদ্বেষমূলক অপমানজনক শব্দ ব্যবহার করে গালিগালাজ করেছিলেন। তাঁর ভাষায়, ‘আমাকে অপমান করা হয়েছিল। আদালতে শুনানির সময়ও আমি এ কথা বলব।’
গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনে পুলিশ সদস্যরা দাবি করেছিলেন, জেকলার তাঁদের ওপর হামলা করেছিলেন এবং তাঁদের একজনের কাছ থেকে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে কয়েক দিন পর ফরাসি সংবাদমাধ্যম লুপসাইডার নিরাপত্তা ক্যামেরার ভিডিও প্রকাশ করলে পুলিশের ওই দাবি নাকচ হয়ে যায়।
জেকলার বলেন, ‘তাদের চোখে যে ঘৃণা দেখেছি, তা আমি বুঝতে পারি না।’
টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর তাঁর বাঁ হাতে টাইটেনিয়ামের একটি বিশেষ সংযোগ স্থাপন করতে হয়েছে। তিনি জানান, এখনো দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তাঁর।
তিনি আরও বলেন, ‘যদি সেখানে ক্যামেরা না থাকত, তাহলে পুলিশের প্রতিবেদনই আমাকে কারাগারে পাঠানোর জন্য যথেষ্ট হতো।’
পুলিশি নির্যাতনের ঘটনায় দণ্ড বিরল
ফ্রান্সে পুলিশি নির্যাতনের অভিযোগে খুব কম ঘটনাই ফৌজদারি আদালত পর্যন্ত গড়ায়। কারণ, এ ধরনের বেশির ভাগ ঘটনা বিচার বিভাগীয় প্রক্রিয়ার পরিবর্তে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থায় নিষ্পত্তি করা হয়।
এদিকে ২০২৩ সালের জুনে প্যারিসের বাইরে ১৭ বছর বয়সী নাহেল মারজুককে খুব কাছ থেকে গুলি করে হত্যার ঘটনায় এক ফরাসি পুলিশ সদস্যেরও বিচার হওয়ার কথা রয়েছে। ওই ঘটনার ক্ষেত্রেও ভিডিও ফুটেজ পুলিশের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক ছিল। ঘটনাটি দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটায়।
পুলিশি নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাও বিরল। ২০২৪ সালে ২০১৭ সালে তল্লাশির সময় কৃষ্ণাঙ্গ থিও লুহাকাকে মারধর করে তাঁর মলদ্বারে স্থায়ী ক্ষত সৃষ্টি করার ঘটনায় তিন পুলিশ সদস্যকে স্থগিত কারাদণ্ড দেন আদালত।
গত বছর প্রকাশিত ফ্রান্সের মানবাধিকারবিষয়ক প্রধান কর্মকর্তার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরব, কৃষ্ণাঙ্গ বা উত্তর আফ্রিকান বংশোদ্ভূত হিসেবে বিবেচিত’ তরুণদের অন্য জনগোষ্ঠীর তুলনায় পুলিশের তল্লাশির মুখে পড়ার আশঙ্কা চার গুণ বেশি।
পাঁচ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের তল্লাশির সময় তাঁদের গায়ে হাত দিয়ে তল্লাশিসহ আরও কঠোর ব্যবস্থার শিকার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় ১২ গুণ বেশি।













