পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬
পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আজ সকালে পাবনা মানসিক হাসপাতাল চত্বরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দালাল চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসন ও এনএসআই সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে এনএসআইয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে পাঁচজন দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) ও ওয়ারেস (৪০)। তাঁদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়।
চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজকে (৪০) আটক করে তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি দালাল চক্র।
বিষয়টি নিয়ে এনএসআই, পাবনার একটি দল বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালায় এবং দালালদের অপতৎপরতার বিষয়ে নিশ্চিত হয়। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের অনুমতিক্রমে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে এনএসআই, পাবনা কার্যালয়ের একজন উপপরিচালক, দুইজন ফিল্ড অফিসারসহ মোট ১২ জন সদস্য এবং থানা পুলিশ সক্রিয়ভাবে অংশ নেয়।
সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















