উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত
কুষ্টিয়া জেলা শহরের থানা পাড়ায় কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মজমপুর এলাকার ইমন দীর্ঘদিন ধরে জাকিয়া সুলতানাকে (১৬) বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর ছুরিকাঘাত করে বলে পরিবারের অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হন জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে ইমন পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে বেলা ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
জাকিয়ার মা সুমি আক্তার বাসসকে বলেন, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। সোমবার দুপুরে তাঁর মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির নম্বর ১৭/৪৩৯, তারিখ ৯ নভেম্বর ২০২৬।
পুলিশ জানায়, ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান। সোমবার রাত ১০টার দিকে ওই ভবনে গিয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে পূর্ব মজমপুর এলাকার বাসায় খোঁজ করা হলেও ইমনকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে তার নানার বাড়িতে অবস্থানের তথ্য পায় পুলিশ।
এর ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তবে ওই সময়ও ইমনকে পাওয়া যায়নি। পুলিশের অভিযানিক দল ফিরে এলে খবর পেয়ে ইমন আবার নানার বাড়িতে ফিরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে থাকেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।
প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে বলে জানা গেছে। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না এবং স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন প্রতিবেশীরা।


















