সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী, ওষুধ, মোবাইল ফোনের সিম স্লট ও মাউথ স্পিকার জব্দ করা হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা আইসিপি এলাকা থেকে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করে। একইভাবে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
এ ছাড়া তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের সিম স্লট ও মাউথ স্পিকার জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


















