ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের একটি গ্রামে ফুটবল খেলছিল শিশুরা। হঠাৎ আকাশ থেকে নেমে আসে ড্রোন হামলা। মুহূর্তেই আনন্দের সেই দৃশ্য পরিণত হয় মৃত্যুর মর্মান্তিক ঘটনায়। সেনাবাহিনীর ওই ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
সোমবার বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, রোববার আবু কালব গ্রামে দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়। হামলায় আরও কয়েকজন আহত হন। আগুন ধরে যায় বেশ কয়েকটি বাড়িতে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি।’ নিহতদের মধ্যে নিজের নয়জন আত্মীয় থাকার কথাও জানান তিনি। আরও হৃদয়বিদারক বিষয় হলো, নিহত শিশুদের দুজনের বাবা যুদ্ধের শুরুতেই মারা গিয়েছিলেন।
স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কোরদোফান অবজারভেটরি হামলায় ১৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
ফুটবল খেলার সময় প্রাণ হারানো শিশুদের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। যুদ্ধের ভয়াবহতায় যেখানে মানুষের স্বাভাবিক জীবনই বিপর্যস্ত, সেখানে শিশুদের খেলাধুলার জায়গাটিও রেহাই পেল না সহিংসতা থেকে।




















