মাদক বিক্রি
মেহেরপুরে মাদক বিক্রির টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তার
মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, পাঁচ রাউন্ড গুলি ও মাদক বিক্রির নগদ ৯ লাখ ৫ হাজার ৭শ’ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।
আজ মঙ্গলবার ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হল- শহরের তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে মো. আমানুল্লাহ (২৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ বাসস’কে জানান, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার পিতা ও পুত্রকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



















