ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও হয়রানির একের পর এক অভিযোগ উঠেছে।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন সেবা পেতে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে কাগজপত্র আটকে রাখা ও দিনের পর দিন ঘোরানোর ঘটনাও ঘটছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. ইয়াহিয়া চৌধুরী।
অথচ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দেয়ালে ডিজিটাল প্লেক্সে বড় অক্ষরে লেখা ‘আমরা দুর্নীতিমুক্ত’। সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নানা উদ্যোগের মধ্যেও নাজিরহাট ভূমি কার্যালয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রশ্ন উঠেছে সেবার স্বচ্ছতা নিয়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, নাজিরহাট ভূমি কার্যালয়ে সাধারণ সেবা পেতেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। একশ্রেণির দালাল ও অসাধু কর্মচারীর কারণে ভূমিসেবা কার্যক্রমে অঘোষিত সিন্ডিকেট গড়ে উঠেছে।
তাদের দাবি, অভিযুক্ত তহসিলদারকে দ্রুত বদলি করে তার স্থলে দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এ বিষয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা।
লিখিত অভিযোগে বলা হয়েছে, নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও অনিয়ম ছাড়া কাজ করানো কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তা ইয়াহিয়া চৌধুরীর কথিত দাম্ভিক আচরণ ও সেবাপ্রার্থীদের সঙ্গে বৈষম্যমূলক ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সেবাপ্রার্থীদের অভিযোগ, জমির নামজারি করতে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। কাগজপত্রে ত্রুটি থাকলে দাবির পরিমাণ আরও বেড়ে যায়। বিএস খতিয়ান চূড়ান্ত হওয়ার পরও দাগে সামান্য ভুল থাকলে জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয়। টাকা না দিলে কাগজপত্র আটকে রাখা এবং কাজ দীর্ঘায়িত করার অভিযোগও রয়েছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকলেও সমন্বয়ের কথা বলে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ১৯৭৮ সালের ২৬ জানুয়ারি নানুপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে নিবন্ধিত একটি দলিল দেখিয়ে বলেন, ২৮ শতক জমির নামজারি ও জমা খারিজের জন্য নাজিরহাট ভূমি কার্যালয়ে আবেদন করেছিলেন তিনি। এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অশ্রাব্য ভাষায় কথা বলে কার্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
দিলীপ ঘোষ নামের আরেক সেবাপ্রার্থী বলেন, ‘জমি খারিজের জন্য ওই কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে খারিজ হবে না বলে জানান। আমার খারিজের সব কাগজপত্রও তিনি নিজের জিম্মায় রেখেছেন।’
চুরখাঁহাট বাজারের ব্যবসায়ী শফিউল আলম বলেন, ‘ওই ভূমি কর্মকর্তা নিজের খেয়ালখুশিমতো কার্যালয়ে আসেন। প্রতিটি কাজে ঘুষ ছাড়া ফাইলে সই করেন না। একটি কাজের জন্য তাঁকে কিছু টাকা দিয়েছিলাম। পরে আরও বেশি টাকা দাবি করায় কাজটি হয়নি।’
ভুক্তভোগীদের কেউ কেউ জানান, আরএস ও বিএস খতিয়ান, দলিল, নামজারি এবং ভূমি উন্নয়ন করের রসিদ ঠিক থাকার পরও কাগজপত্রে ত্রুটি দেখিয়ে হয়রানি করা হয়। তাঁদের অভিযোগ, অতিরিক্ত অর্থের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করার ঘটনাও ঘটছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ভূমি প্রশাসন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। পাশাপাশি ভূমি নিয়ে বিরোধ, সামাজিক সংঘাত ও মামলার সংখ্যাও বাড়তে পারে। ভূমি জরিপে ভুল এবং রেকর্ডে অনিয়ম দীর্ঘমেয়াদি আইনি জটিলতা তৈরি করে। তাই অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ এবং মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইয়াহিয়া চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তা দেখেও তিনি কোনো জবাব দেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















