সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে কাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল
খেলাধুলা ডেস্ক: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অংশ নেওয়ার পর ৭১ দিনের বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১ ডিসেম্বর বিশান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে ৫ ডিসেম্বর।
এর আগে দলের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন কোচ এরিক মিয়ের ও অধিনায়ক মারিয়া মান্ডা আসন্ন সিরিজে দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মিয়ের বলেন, খেলোয়াড়দের মান এবং দলের সামগ্রিক পরিবেশে তিনি সন্তুষ্ট। সফল সফর নিয়ে আশাবাদী বলেও জানান তিনি।
অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, খেলোয়াড়েরা সুস্থ আছেন এবং দুটি ম্যাচের জন্য সন্তোষজনক প্রস্তুতি সম্পন্ন করেছেন। দেশের জন্য ভালো পারফরম্যান্স করে ইতিবাচক ফল অর্জনের আশাও প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ দল: রূপনা চাকমা, মিলি আক্তার, হোমায়রা আক্তার হিমি, শামসুন্নাহার সিনিয়র, কহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, মারিয়া মান্ডা (অধিনায়ক), মনিকা চাকমা, আইরিন খাতুন, ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার রীপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আনিকা রায়না সিদ্দিকী, মমিতা খাতুন, সৌরভী আকন্দ প্রীতি, মোছা. সাগরিকা, আইরিন খাতুন, স্বপ্না রানী, আলপি আক্তার ও সিনহা জাহান শিখা।




















