ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন
ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মুখে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে দেশে ফেরা উগান্ডার নাগরিকদের ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। রোববার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়।
উগান্ডার সঙ্গে সীমান্ত থাকা ডিআর কঙ্গোতে মে মাসে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর থেকে দেশটিতে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ৫০ বছরে আফ্রিকায় ইবোলা ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত আগস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আনুষ্ঠানিকভাবে উগান্ডাকে ইবোলামুক্ত ঘোষণা করেছিল। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়েছিলেন ২০ জন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আক্রান্তদের অধিকাংশই ডিআর কঙ্গো সফর শেষে উগান্ডায় ফিরেছিলেন।
উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিআর কঙ্গো সফরের ইতিহাস রয়েছে—এমন নাগরিকরা দেশে ফেরার পর নিজ খরচে ২১ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
ইবোলা আক্রান্ত ব্যক্তির শরীরের বিভিন্ন তরলের সংস্পর্শে এ ভাইরাস ছড়ায়। আক্রান্ত হলে তীব্র রক্তক্ষরণজনিত জ্বর হতে পারে। বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ‘বুন্দিবুগিও’ স্ট্রেইনের এখনো কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।
ইবোলার সংক্রমণ ঠেকাতে উগান্ডার এনতেব্বে আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলসীমান্তের সব প্রবেশপথে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সড়ক তল্লাশিচৌকিতেও স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে অক্টোবরে কেনিয়া ও নাইজেরিয়ায় প্রথমবারের মতো ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ায় প্রথম সংক্রমণ শনাক্ত হয় মঙ্গলবার। আক্রান্ত ওই নারী উগান্ডা থেকে বিমানে দেশটির রাজধানী আবুজায় এসেছিলেন।




















