ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬
ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কের কয়েকটি দোকান ও ফুটপাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ সময় ছয়জন বিক্রেতাকে আটক করা হয়েছে।
আটকরা হলেন—আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) ও খোকন চন্দ্র দে (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথ বাড়ি রোড ও আশপাশের কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ছোট-বড় মিলিয়ে ১৫ বস্তা আতশবাজি জব্দ করা হয়। একই সঙ্গে আতশবাজি বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ।
পুলিশের ধারণা, জব্দ করা আতশবাজির আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ লাখ টাকা।
ওসি জাবেদ মাহমুদ জানান, আটক ছয়জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার তাদের আদালতে নেওয়া হবে।




















