সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শনিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালান। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।
মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন।


















