অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে স্পেন-যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ
অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামীকাল থেকে শুরু হওয়া এ সরকারি সফর চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সফরের শুরুতে স্পেনের সেভিলে যাবেন শামা ওবায়েদ। সেখানে আগামী ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এবারের এক্সপোর প্রতিপাদ্য—‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’।
এক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসায়িক অংশীদারিত্ব আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর আগামী ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি আরও এগিয়ে নেওয়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।




















