বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
বিগ ব্যাশের ১৬তম আসরে খেলতে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। ঘরোয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের নিলাম চলাকালে সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তামিম জানান, বিবিএলের আগামী আসরে খেলার জন্য মুস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন দুজনই বিসিবির কাছে এনওসি চেয়েছেন। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথাও জানান তিনি।
এদিকে বিবিএলের গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। আগামী আসরেও একই দলের হয়ে খেলবেন তিনি।
গত মৌসুমে হোবার্টের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। মৌসুম শেষে হোবার্টের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কারও পান এই লেগ স্পিনার।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।




















