চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার চোলাই মদ ও ১৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রেঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্ববর্তী মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২২ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় ৬৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক কারবারিসহ মাদকবিরোধী অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে ২৩টি মাদক মামলাও দায়ের করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে চট্টগ্রামে ১০ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ২২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, চাঁদপুরে পাঁচজন, নোয়াখালীতে ২৩ জন, ফেনীতে দুজন, লক্ষ্মীপুরে সাতজন, রাঙ্গামাটিতে একজন এবং খাগড়াছড়িতে পাঁচজন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৩৮ জন, কক্সবাজারে ১৯ জন, কুমিল্লায় ১৬৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন, চাঁদপুরে সাতজন, নোয়াখালীতে নয়জন, ফেনীতে পাঁচজন, লক্ষ্মীপুরে ৪১ জন, রাঙ্গামাটিতে চারজন, খাগড়াছড়িতে ১১ জন এবং বান্দরবানে সাতজন রয়েছেন।
পুলিশ জানায়, জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


















