রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক
জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত দু’জন হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২২) এবং একই গ্রামের মো. আলী ছেলে শাহেদুল ইসলাম নয়ন (২৬)।
আজ বুধবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ব্যাটালিয়ন-৪১ বিজিবির অধিনায়ক কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস বাসসকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি টিম চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলাধীন ইকো পার্ক নামক স্থানে রাস্তার ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালায়।
এ সময় ট্রাকটি থেকে ১৭ হাজার ৯০ প্যাকেট বিদেশি প্যাট্রন সিগারেট এবং ১ হাজার ৮শ’ প্যাকেট অরিস সিগারেটসহ সর্বমোট ১৮ হাজার ৮শ’ ৯০ প্যাকেট সিগারেট আটক করা হয়। এ অভিযানকালে ১টি ডাম্পার ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪শ’ টাকা।
আটককৃত আসামি, উদ্ধারকৃত মালামাল এবং ডাম্পার ট্রাক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
কাপ্তাই ব্যাটালিয়ন-৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী আরো বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


















