গোপালগঞ্জে জরিমানা করায় অনির্দিষ্টকালের ধর্মঘট ব্যবসায়ীদের

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচী শুরু করেছেন তারা। শহরের সব দোকানপাট বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় কোন জিনিসপত্র কিনতে পারছেন না ক্রেতারা।
ব্যবসায়ীরা জানায়, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন ব্যবসাযীকে জরিমানা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন সম্মিলিত ব্যবসায়ী সমিতি। এতে শহরের মুদি, মাছ-মাংস, কাঁচা বাজার, কাপড়, স্বর্ণের দোকানসহ সকল দোকান বন্ধ রয়েছে।
সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়া বলেছেন, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টাকালের জন্য জেলার সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
উল্লেখ্য, বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ ৮ব্যবসায়ীকে এক লাখ ২ হাজার টাকা জরিমানা করেন। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন। আদালত পরিচালনায় বাঁধা দেন ব্যবসায়ীরা্।














