শ্রমিক মৃত্যুর গুজবে টঙ্গীতে কারখানায় ভাঙচুর,বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক মৃত্যুর গুজবে কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর করেছে হামিম গ্রুপের কয়েক হাজার শ্রমিক। শনিবার সকালে টঙ্গীর মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। পরে টঙ্গী থানা পুলিশ ও গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেইট এলাকায় হামিম গ্রুপের নিটিং ওয়াশিং প্ল্যান্টের শ্রমিক তৈয়ব আলীকে কারখানার একটি প্যান্ট চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীরা মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় টঙ্গী হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার রাতে সহকর্মীরা তৈয়ব মারা যাওয়ার খবর পান। পরে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানায় কাঁচ-মালপত্র ভাঙচুরসহ কারখানা চত্বরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
খবর পেয়ে সকাল ১০টার দিকে কারখানার মালিক (এমডি) এ কে আজাদ চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় তিনি কারখানার কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। পরে আহত শ্রমিক তৈয়ব আলীকে কারখানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান ওসি কামাল।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিচালক মো. সিদ্দিকুর রহমান জানান, দুপুরে মালিক-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে। রবিবার থেকে যথারীতি কারখানায় কাজ চলবে।














